জাফরুল্লাহর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ

করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ কমাতে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। শ্বাসকষ্ট থাকায় দেওয়া হচ্ছে অক্সিজেন। তবে তার শারীরিক অবস্থা টানা চার দিন ধরে অপরিবর্তিত। গতকাল সোমবার সকালে নিজেই স্বাভাবিকভাবে নাস্তা খেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

জনসংযোগ কর্মকর্তা জানান, গতকাল দুপুর দেড়টার দিকে চিকিত্সকরা ডা. জাফরুল্লাহকে দেখে আসার পর তার ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণের কথা জানিয়েছেন। জাফরুল্লাহর চিকিত্সক অধ্যাপক ডা. মামুন মুস্তাফি জানান, তিনি নিজ থেকে খাবার খেতে পারছেন। রক্তচাপ ও অন্যান্য ক্লিনিক্যাল অবস্থাও স্থিতিশীল। আগে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করা হলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এখন প্রতিদিন তাকে ডায়ালাইসিস করা হচ্ছে।