আবারও ৪২ জনের মৃত্যু নতুন সংক্রমিত ২৭৩৫

দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিনও একইসংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছিল। এটি এক দিনের হিসাবে সর্বোচ্চ। সব মিলে দেশে করোনায় মারা গেছেন ৯৩০ জন। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৭৩৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এতে দেশে এ পর্যন্ত শনাক্ত  রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫০৪ জন। সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরো ৬৫৭ জন। সব মিলে এ পর্যন্ত মোট ১৪ হাজার ৫৬০ জন সুস্থ হয়ে উঠলেন।

নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন। ডা. নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৩ জন পুরুষ, ৯ জন নারী। তাদের ২৫ জন ঢাকা বিভাগের, আট জন চট্টগ্রাম বিভাগের, এক জন সিলেট বিভাগের, এক জন রাজশাহী বিভাগের, দুই জন খুলনা বিভাগের, দুই জন ময়মনসিংহ বিভাগের, দুই জন বরিশাল বিভাগের, এক জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। এই ৪২ জনের মধ্যে দুই জনের বয়স ছিল ৯০ বছরের বেশি। এছাড়া দুই জনের বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে, চার জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১০ জনের বয়স        ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, এক জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, তিন জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে।   বুলেটিনে জানানো হয়, সারা দেশে ৫২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ১৩ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২৫ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।

গত রবিবারের বুলেটিনে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ জন মারা গেছেন, যা এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ১৩ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরো ২ হাজার ৭৪৩ জনের মধ্যে। সেই হিসাবে আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা কমলেও মৃত্যু হয়েছে সমানসংখ্যক। দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে ২ হাজার ৯১১ জনের, যা গত ২ জুনের বুলেটিনে জানানো হয়। গতকালের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ২৯৭ জনকে। এ প?র্যন্ত আসো?লেশ?নে নেওয়া হয়েছে ১১ হাজার ৮৭১ জনকে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৪৪ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৪ হাজার ৩১৯ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৭ হাজার ৫৫২ জন।