কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি-ওয়াগ্গা সড়কের ২ কিলোমিটার পূর্বে ভাইজ্যাতলি পাগলি মধ্যমপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে এক জনকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম পদ্ম কুমার চাকমা (৫০)। তিনি রাঙ্গামাটি সদর উপজেলার ভেদভেদী উদনন্দী আদামের মৃত সুরেশ চন্দ্র চাকমার ছেলে। তিনি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য ছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী।
কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, ‘ঐ লোক সকাল ৯টায় পাগলি মধ্যমপাড়ার একটি দোকানে বসেছিলেন। সেই সময় তিন জন অস্ত্রধারী তাকে দোকানের বারান্দায় গুলি করেন। গুলি খেয়ে ঐ লোক দোকানের ভেতরে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলে অস্ত্রধারীরা দোকানের পেছনে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফের গুলি করেন।’ দোকানদার নতুন চন্দ্র তনচংগ্যা জানান, ‘নিহত লোকটি মাঝে মাঝে তার দোকানে এসে বসতেন।’ নিহতের স্ত্রী রূপা চাকমা জানান, ‘তার স্বামী এক সময় জেএসএস কর্মী ছিলেন। তার প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে।’ এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে কাপ্তাই থানার ওসি জানান।