করোনা ভাইরাস মহামারিতে তিন মাস বন্ধ থাকার পর চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রথমে আমরা লন্ডনে যাত্রা করব। ফ্লাইট শুরু হওয়ার সুনির্দিষ্ট তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, আমরা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছি। তবে কবে থেকে ফ্লাইট পরিচালনা শুরু হবে সেই সময়টা আমরা পরে জানিয়ে দেব। তিনি জানান, প্রথমে লন্ডন ও কাতারে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা হচ্ছে। বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন যাবে। ব্রিটিশ এয়ারওয়েজ চাইলে তাদের ফ্লাইট পরিচালনা করতে পারবে। বেবিচক সূত্রে জানা গেছে, কাতার এয়ারওয়েজ দোহা থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করতে চাচ্ছে। তবে কাতারে কোনো বাংলাদেশি যাত্রী যেতে পারবেন না। ট্রানজিট নিয়ে কাতার হয়ে অন্য দেশে যেতে পারবেন। করোনা ভাইরাসের ঝুঁকিতে থাকায় সেখানে বাংলাদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। যুক্তরাজ্যে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চলতে পারবে। এ ছাড়া অন্য কয়েকটি রুটেও সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে উদ্যোগ নিয়েছে বেবিচক।
উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারির মধ্যে সারা বিশ্বেই যাত্রীবাহী বিমান চলাচল সীমিত হয়ে পড়লে গত মার্চ মাস থেকে বাংলাদেশ থেকে প্রায় সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যায়। একমাত্র চীন ছাড়া আন্তর্জাতিক সব রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
বেবিচকের এক কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে অনেক বিদেশি ও অনাবাসী বাংলাদেশি দেশে ফিরবেন। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা কিংবা একসঙ্গে এত যাত্রীকে ম্যানেজ করার বিষয়ে এখনো প্রস্তুতি সম্পন্ন হয়নি।