সংসদের ৪৩ কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত

নমুনা পরীক্ষায় সংসদ সচিবালয়ে কর্মরত ৪৩ জন কর্মকর্তা-কর্মচারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাওয়া সংসদের বাজেট অধিবেশন উপলক্ষ্যে সংসদ সচিবালয়ের ৩০০ কর্মকর্তা-কর্মচারীর করোনা ভাইরাস পরীক্ষার উদ্যোগ নেয় সংসদ সচিবালয়। ২ জুন থেকে সংসদের মেডিক্যাল সেন্টারে তারা নমুনা দেন। গতকাল সোমবার নমুনা সংগ্রহ ও টেস্ট সম্পন্ন হয়। এতে ৪৩ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। তবে আক্রান্তদের অধিকাংশেরই শরীরে কোনো উপসর্গ নেই বলে জানা গেছে।

সংসদের মেডিক্যাল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার আরিফুল হক জানান, ৪৩ জনের মধ্যে সোমবার ১১, রবিবার ১৬ ও শনিবার ৪ জনের করোনা পজিটিভ আসে। বাকিদের আগে শনাক্ত হয়। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ ব্যক্তিগতভাবে বাইরে নমুনা পরীক্ষা করিয়েছেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান জানান, করোনা আক্রান্তদের সবাইকে রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। টেস্টে পজিটিভ আসার বিষয়টি সংশ্লিষ্টদের মোবাইলে বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস তালিকা ধরে আক্রান্তদের ফোনে জানিয়ে দিয়েছেন এবং সংসদ ভবনে আপাতত না আসার নির্দেশনাও অবহিত করেছেন।