জাতীয় পার্টির দূর্গখ্যাত রংপুরের ৩টি আসনে ভরাডুবি

এক সময়ে জাতীয় পার্টির (এরশাদ) দুর্গ বলে খ্যাত রংপুরের তিনটি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থীদের ভারাডুবি হয়েছে। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ), রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মহাজোটের উন্মুক্ত লড়াই হয়। অন্য তিনটি আসনে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি), রংপুর-৩ (সদর) এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। মহাজোটের এ তিনটি আসনের মধ্যে দুইটিতে (রংপুর-১ ও রংপুর-৩) জাতীয় পার্টি জয় পেলেও উন্মুক্ত তিনটি আসনে করুণ ভরাডুবি হয়েছে।

অনুষ্ঠিত নির্বাচনের ঘোষিত ফলাফল থেকে জানা যায়, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৭৬৬ জন। এর মধ্যে ১ লাখ ১৮ হাজার ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ডিউক চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী পেয়েছেন ৫৩ হাজার ৩৫০ ভোট। এই আসনে জাপার আসাদুজ্জামান চৌধুরী সাবলু পেয়েছেন ২৪ হাজার ১৭ ভোট।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১২ হাজার ৫৮২ জন। এর মধ্যে আওয়ামী লীগের টিপু মুনিশ ১ লাখ ৯৯ হাজার ৯৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৭ ভোট। এই আসনে জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল পেয়েছেন ৭ হাজার ৪৩ ভোট।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ১১৮ জন। এর মধ্যে ২ লাখ ৪৪ হাজার ৭৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এইচ এন আশিকুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ্ মো. সোলায়মান আলম পেয়েছেন ৬৪ হাজার ১৪৭ ভোট। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী ফখর-উজ-জামান জাহাঙ্গীর পেয়েছেন ১২ হাজার ৫১৬ ভোট।