যৌন কেলেঙ্কারি তদন্তে সহায়তা করেননি প্রিন্স অ্যান্ড্রিউ : মার্কিন তদন্ত দল

মার্কিন বিনিয়োগকারী জেফ্রি এপস্টেইন কেলেঙ্কারির ঘটনার তদন্তে ব্রিটেনের ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রিউ সহায়তা করেননি বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের তদন্তকারী দল। মার্কিন বিচার বিভাগ তাকে এ বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল। কিন্তু প্রিন্স অ্যান্ড্রিউ সহযোগিতার সব দরজাই বন্ধ করে দিয়েছেন। তাই আমাদের বিকল্প চিন্তা করতে হচ্ছে বলে জানিয়েছে তদন্ত দল। এদিকে অ্যান্ড্রিউর আইনজীবীরা জানিয়েছেন, মার্কিন তদন্তকারী কর্তৃপক্ষ নিজেরাই গোপনীয়তার নীতি লঙ্ঘন করেছেন। তারা আসলে তদন্তে সহযোগিতা চান না।  সস্তা প্রচারণা পাওয়াই তাদের লক্ষ্য। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় সন্তান ৬০ বছর বয়সী প্রিন্সের বিরুদ্ধে এপস্টেইনের সরবরাহ করা ১৭ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে যৌনমিলনের অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করেছেন তিনি। -রয়টার্স