হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় শিক্ত হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র মাদারীপুর-১ (শিবচর) আসনে টানা ষষ্ঠবারের মতো নৌকা প্রতীকে জয়ী এমপি নূর-ই-আলম চৌধুরী লিটন ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে দ্বিতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী মজিবুর রহমান নিক্সন চৌধুরী। আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে দুই লাখ ২৭ হাজার ৪৫৪ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।
সোমবার সকাল থেকে শিবচর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আওয়ামী লীগ কার্যালয়ে ভিড় করেন। এ সময় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেই চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে নেমে পড়েন টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন।
সন্ধ্যায় চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে ময়নাকাটা থিয়েটার ও বরহামগঞ্জ ললিতকলা একাডেমির আয়োজনে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুই এমপি নূর-ই-আলম চৌধুরী লিটন ও মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে বিজয়ী শুভেচ্ছা প্রদান করা হয়।
দুই এমপিকে ফুলের শুভেচ্ছা জানান শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ ও বরহামগঞ্জ ললিতকলা একাডেমির সভাপতি প্যানেল মেয়র কাদের খান মিলু। অনুষ্ঠানটি পরিচালনা করেন ময়নাকাটা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি পিটার খান।