করোনাকবলিত সময়ে বাংলাদেশে ফুটবল আপাতত স্থগিত আছে। এ স্থবিরতা ভেঙে আগামী অক্টোবরে আবারও ফুটবলে ফিরবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি খেলায় ৮ অক্টোবর আফগানিস্তানকে আতিথ্য দিয়ে স্থবিরতা ভাঙবে কোচ জেমি ডে’র শিষ্যরা।
গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনার কারণে এর ঠিক আগ মুহূর্তেই সব ধরনের ফুটবলে স্থগিতাদেশ জারি করে এশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন)।
অংশ নেওয়া দেশগুলোয় করোনা পরিস্থিতি পর্যালোচনা করে সূচি পুনরায় ঠিক করতে সম্প্রতি ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল এএফসি। তখনই মূলত অক্টোবরে বাছাইপর্ব পুনরায় মাঠে গড়ানোর ব্যাপারটা ধার্য্য হয়। জানানো হয়, অক্টোবর আর নভেম্বর মাস মিলিয়ে চারটি ম্যাচ দিবস আয়োজন করবে এএফসি।
গত সোমবার রাতে আগামী চার ম্যাচ দিবসের সম্ভাব্য সূচি প্রকাশ করে এএফসি। সেখানে অবশ্য ম্যাচ শুরুর সময় উল্লেখ করেনি তারা। নতুন সূচিতে অবশ্য প্রতিপক্ষের ক্রমে কোনো অদল বদল হয়নি। আগামী ৮ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ফিরতি লেগে মুখোমুখি খেলবে বাংলাদেশ। এই আফগানদের কাছে ১-০ গোলে হেরেই বাছাইপর্ব শুরু হয়েছিল জেমি ডের শিষ্যদের। ১৩ অক্টোবর কাতারের আতিথ্য নেবেন জামালরা, ঘরের মাঠে প্রথম লেগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দারুণ লড়েও ২-০ গোলে হেরেছিলেন যাদের বিপক্ষে। বহুল আকাঙ্ক্ষিত ভারতের বিপক্ষে ‘হোম’ ম্যাচটি হবে আগামী ১২ নভেম্বর, চলতি বাছাই পর্বে একমাত্র পয়েন্টটি এসেছিল এই সুনীল ছেত্রীদের বিপক্ষেই। এর পাঁচদিন পর ১৭ নভেম্বর ওমানকে আতিথ্য দেবে বাংলাদেশ। আগামী ১২ নভেম্বরে হোম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। চলতি বাছাইয়ে দলের একমাত্র পয়েন্ট এই দলের বিপক্ষেই পাওয়া। গত বছর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে এগিয়ে গিয়েও ভারতের সঙ্গে ১-১ ড্র করেছিল জেমি ডের দল। এরপর নিজেদের মাঠে ১৭ নভেম্বর ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। গত নভেম্বরে প্রথম লেগে ওমানের মাঠে ৪-১ ব্যবধানে হেরেছিল দল। বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে যেটি ছিল বাংলাদেশের তৃতীয় হার।