স্যানপারিল গ্রিনল্যান্ডস। ইংরেজি এই দুটি শব্দের সঙ্গে খুব পরিচিত নন অনেকে। তবে দুই শব্দের সংক্ষিপ্ত রূপ এসজি, যার সম্পর্কে ক্রিকেট বিশ্বের সম্যক ধারণা রয়েছে। ক্রিকেট মাঠে এসজি ব্যাট, এসজি বল ব্যবহার হয়ে থাকে সবসময়।
ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক ভারতীয় এই প্রতিষ্ঠান এবার করোনা পরবর্তী ক্রিকেটেও ভূমিকা রাখতে যাচ্ছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চ থেকে বিশ্ব ক্রিকেট স্থবির হয়ে আছে। তবে ধীরে ধীরে মাঠের ক্রিকেট ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আগামী মাসেই শুরু হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট।
করোনা থেকে বাঁচতে ক্রিকেটারদের জন্য ‘সুরক্ষা পোশাক’ বাজারে ছাড়তে যাচ্ছে এসজি। সব ধরনের ক্রীড়াবিদ, সাধারণ মানুষ এটি ব্যবহার করতে পারবেন। যেখানে রয়েছে সাতটি সুরক্ষা সরঞ্জাম। চলতি মাসের শেষ দিকে পোশাকটি বাজারে আনার চিন্তা করছে এসজি। ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন এসজির বিপণন ও বিক্রয় পরিচালক পরশ আনন্দ।