এই সময়ের ছড়া

নিভৃতবাসে

টপকাতে ভয় লাগে লক্ষ্মরেখা

প্যাথোজেন শঙ্কায় হাত ধুতে শেখা

কনটেনমেন্ট জোনে নিভৃতবাস

কে জানে পড়বে কবে শেষ নিশ্বাস।

জ্বরজ্বালা শ্বাসকষ্ট করোনার রোষে

ড্রপলেট আটকাতে রয়েছি মুখোশে

মাগনায় চাল-ডাল পেয়েছি এছাড়া

তবুও লাইন মারি মদ্যপায়ী যারা।

এখনো কোকিল ডাকে ফুল ফোটে গাছে

মানুষের থেকে ওরা খুব ভালো আছে

কে দেবে যে নিরাপদ আস্তানা খুঁজে

ফের কবে লাল থেকে ফিরব সবুজে।

হুহু করে সংবাদ বুক চিনচিন

স্বপ্নেও সাদাকালো উধাও রঙিন

কার সাধ্য মহামন্দা অতিমারি রোখে

কোয়ারান্টিন করে রাখি দুঃখকে।

দূরত্ব-বিধি ঠেলে আমাতে তোমাতে

চলেছে মহাযুদ্ধ প্রকৃতির সাথে

যতই ঘোরাক ছড়ি মোকাবিলা জানি

বিজ্ঞান ঘোচাবেই এই শয়তানি।

অসুখে ওষুধ লাগে বিসুখে বিশুধ

লালারসে মিশে থাকে বিষ বুদবুদ

গাছপালা ফুলপাখি যেন বেঁচে থাকে

কত শব্দ শিখিয়েছে করোনা আমাকে।