প্যাড-হেলমেট পরে হকি খেললেন পুতিন

মাথায় হেলমেট— পায়ে কাঁধে প্যাড ও হাতে স্কেটস। নতুন বছর শুরুর আগে এ রকম সাজেই ৬২ বছর বয়সী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখা গেল। ঐতিহ্য বজায় রেখে গত বছরের শেষ শনিবার তিনি আইস হকি খেললেন। তার শুরু করা অ্যামেচার নাইট হকি লিগের একটি ম্যাচে অংশগ্রহণ করেছেন পুতিন।

মস্কোর রেড স্কোয়ারে বন্ধুত্বপূর্ণ এই আইস হকি ম্যাচটি অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত এনএইচএল খেলোয়াড়দের দলের সঙ্গে পুতিনের দল ১৮-৬ গোলে বিজয়ী হয়। তিনি নিজেই আটটি গোল দিয়েছেন। মস্কোর রেড স্কোয়ারের এই ম্যাচে পুতিন ছাড়াও অংশগ্রহণ করেছিলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। রাশিয়ার বিখ্যাত আইস হকি খেলোয়াড় ভ্যাচেস্লাভ ফেটিসভ ও পাভেল বুরেও পুতিনের সঙ্গে এই ম্যাচ খেলেছেন। প্রথা অনুযায়ী প্রতি বছর একটি করে হকি ম্যাচে পুতিন অংশগ্রহণ করেন। ২০১১ সাল থেকেই এমনটা করে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

উল্লেখ্য, গত ১৫ বছর ধরে রাশিয়ার নেতা পুতিন ক্রীড়াবিদ হিসেবে প্রায়শই তার দক্ষতা প্রদর্শন করে আসছেন। জুডো ও সাঁতারে তার বিশেষ দক্ষতা সবার কাছে পরিচিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে শুধুমাত্র খেলাধুলা উন্নয়নের প্রচেষ্টায় তিনি নিয়মিত হকি খেলছেন।