করোনামুক্ত হওয়ার ঘোষণা দিল তানজানিয়াও

করোনামুক্ত হওয়ার ঘোষণা দিল আফ্রিকার দেশ তানজানিয়াও। দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলি এই ঘোষণা দিয়েছেন।

তানজানিয়ার একটি টেলিভিশনে দেওয়া ভাষণে মাগুফুলি বলেন, সৃষ্টিকর্তার উদ্দেশে প্রার্থনার কারণে করোনার এই মহামারি পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘এমন একটি দেশের নেতা হিসেবে এটা আমাকে উচ্ছ্বসিত করছে যে, আমরা সৃষ্টিকর্তাকে সবচেয়ে প্রাধান্য দেই, সৃষ্টিকর্তাও তানজানিয়াকে ভালোবাসেন। সেই কারণেই করোনাকেও পরাজিত করতে সক্ষম হয়েছে তানজানিয়া।’ উল্লেখ্য, মুসলিম ও খ্রিষ্টান অধ্যুষিত দেশ তানজানিয়ার জনগণ বহুদিন ধরেই রোজা, নামাজ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই মহামারি থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আসছেন।

তানজানিয়ার আগে করোনামুক্তির ঘোষণা দিয়েছে আরো ৯টি দেশ। এগুলো হলো—নিউজিল্যান্ড, মন্টেনিগ্রো, ইরিত্রিয়া, পাপুয়া নিউগিনি, সিশেলস, হলি সি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ফিজি এবং পূর্ব তিমুর। এসব দেশে এখন আর এক জনও করোনা রোগী নেই।