চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ইতিহাস দেখায় যে, সহযোগিতাই চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্য সবচেয়ে ভালো বিকল্প। দেশ দুইটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া এক শুভেচ্ছা-বার্তায় মঙ্গলবার তিনি এ কথা বলেন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শি তার বার্তায় বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কগুলো ওঠা-নামার অভিজ্ঞতা লাভ করেছে, কিন্তু গত চার দশকজুড়ে ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে। তিনি আরও বলেন, এটা দুই দেশের জনগণকে ব্যাপক সুবিধা এনে দিয়েছে এবং বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশাল ভূমিকা রেখেছে।
শি বলেন, ‘ইতিহাস প্রমাণ করেছে যে, সহযোগিতা উভয়পক্ষের জন্য সবচেয়ে ভালো বিকল্প।’ চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ ধাপে আছে এ কথা উল্লেখ করে শি বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নতির প্রতি তিনি ব্যাপক গুরুত্ব আরোপ করেন এবং এ ব্যাপারে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। সিনহুয়া জানিয়েছে, পাল্টা শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, সহযোগিতামূলক ও গঠনমূলক যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ককে এগিয়ে নেওয়াটা তার অগ্রাধিকার।
২০১৮ সালের অনেকটা সময়জুড়ে চীন ও যুক্তরাষ্ট্রের ‘বাণিজ্য-যুদ্ধের’ পর গত মাসে দেশ দুইটি ৯০ দিনের জন্য একটি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। তখন থেকেই দুই দেশের সম্পর্কের উন্নতির চেষ্টা করা হচ্ছে। এর অংশ হিসেবে গত সপ্তাহে শি ও ট্রাম্প টেলিফোনে কথা বলেন এবং তাদের মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে কথাবার্তা হয়। এছাড়া চীনের বাণিজ্যমন্ত্রী গত সপ্তাহে জানান, জানুয়ারি মাসে ব্যবসা-বাণিজ্য নিয়ে সামনা-সামনি আলাপ-আলোচনার পরিকল্পনা করছে চীন ও যুক্তরাষ্ট্র।