মালিক-শ্রমিক সংগঠনের নামে কোথাও কোনো প্রকার চাঁদা উত্তোলন করা যাবে না বলে ঐকমত্য পোষণ করেছে দেশের পরিবহন খাতের প্রধান তিনটি সংগঠন। সংগঠনগুলো হলো পরিবহন মালিক-শ্রমিকদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা এবং মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এক বিবৃতিতে এসব কথা জানান। বিবৃতিতে বলা হয়, গত ২৯ মে এক সভায় সংগঠন তিনটির নেতৃবৃন্দ ঐকমত্য পোষণ করে যে, মালিক-শ্রমিক সংগঠনের নামে কোথাও কোনো প্রকার চাঁদা উত্তোলন করা যাবে না। তিন সংগঠনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি রেজুলেশন সারাদেশের পরিবহন মালিক-শ্রমিকদের নিকট প্রেরণ করা হয়।