২২ কোটি টাকা আত্মসাতের মামলায় ঢাকা ব্যাংকের ধানমন্ডি শাখার ভিপি ও ইনচার্জ মো. আমিনুল ইসলামকে জামিন দেয়নি হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেয়। আদালতে জামিন আবেদনের পক্ষে আইনজীবী শরিফ আহমেদ, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও দুদকের পক্ষে এ কে এম ফজলুল হক শুনানি করেন।
২০১৮ সালের ২৩ ডিসেম্বর ধানমন্ডি থানায় অর্থ আত্মসাতের মামলা করে দুদক। মামলার বিবরণে জানা যায়, আসামিরা একে অন্যের যোগসাজশে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার, জাল রেকর্ডপত্র তৈরি করে প্রতারণামূলকভাবে, ভুয়া রপ্তানি দেখিয়ে ২৬টি রপ্তানি বিল ঢাকা ব্যাংক লিমিটেডের ধানমন্ডি শাখায় জমা দেন। পরে তারা ১৭টি বিলের বিপরীতে ২৬ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার ১২৬ টাকা উত্তোলন করেন। এর মধ্যে তিনটি বিলের মূল্যসহ এবং চতুর্থ বিলের আংশিক মূল্যসহ মোট ৫ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকা ব্যাংকে ফেরত দেন এবং অবশিষ্ট ১৪টি বিলের মূল্য ২১ কোটি ২৪ লাখ ৯১ হাজার ৪৭১ টাকা ব্যাংকে ফেরত না দিয়ে আত্মসাত্ করেন।