হালদায় অভিযান, ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস

প্রাকৃতিক মত্স্য প্রজনন ক্ষেত্র ও মত্স্য অভয়ারণ্য হালদা নদীতে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ছিদ্র করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাউজান সিনিয়র উপজেলা মত্স্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আনসার-ভিডিপির রাউজান অফিসার ইনচার্জ তারেক মাহমুদ। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদার মা মাছ, ডলফিন তথা জীববৈচিত্র্য রক্ষার জন্য নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। একটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে। হালদাতে বৈধ কোনো বালু মহাল নেই, তো সে কারণে কেউ যদি হালদা থেকে বালু তুলে ধরে নেওয়া হয় যে সে অবৈধভাবে বালু উত্তোলন করছে। একই সঙ্গে ইঞ্জিনচালিত নৌকা চলাচল নিষিদ্ধ, তাই নৌকা ধ্বংস করা হয়েছে। হালদা নদীতে অবৈধ তত্পরতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।