যুক্তরাজ্যে বর্ষবরণ অনুষ্ঠানে ছুরিকাঘাতে তিনজন আহত

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ভিক্টোরিয়া রেলওয়ে স্টেশন এলাকায় ইংরেজি নতুন বছর উদযাপন শুরুর আগে ছুরিকাঘাতে আহত হয়েছে ট্রাফিক পুলিশের এক কর্মকর্তাসহ তিনজন। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় অ্যালবার্ট স্কয়ারে ইংরেজি নতুন বছর উদযাপন করতে আগুনখেলা প্রদর্শনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

এদিকে ৩১ ডিসেম্বর রাতেই ম্যানচেস্টারের ভিক্টোরিয়া রেলওয়ে স্টেশনের এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ইতোমধ্যেই ছুরিকাঘাতের ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত হামলার কারণ বা উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, আহত দুই বেসামরিকের একজন পুরুষ ও অন্যজন নারী। তাদের দুজনের বয়স ৫০ বছরের মতো। এছাড়া আহত পুলিশ সদস্যের কাঁধে ছুরিকাঘাত করা হয়েছে। তার বয়স প্রায় ৩০। এ ঘটনার পর ভিক্টোরিয়া রেলওয়ে স্টেশন দুই ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। রেল ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের অবস্থা মারাত্মক হলেও সেটা মৃত্যুর ঝুঁকির মতো পর্যায়ে নয়।