সাভার ও আশুলিয়ায় লকডাউন পরবর্তী সময়ে গণপরিবহনে চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা জেলা পুলিশ। এর অংশ হিসেবে রাজধানীর প্রবেশপথ ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে পুলিশের তত্পরতা বৃদ্ধি করা হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ আশপাশে থানায় এক ডজন মামলা দায়ের করে চাঁদাবাজদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বেশ কিছু চিহ্নিত চাঁদাবাজকে। করোনায় বিপর্যস্ত জনসাধারণকে স্বাস্থ্যবিধি অনুসারে যাতায়াত এবং পণ্যবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে পুলিশের আইজি বেনজীর আহমেদের নির্দেশে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার সাভার মডেল থানা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবহন মালিক ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
এদিকে মহাসড়কে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা প্রতিটি থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন। এ লক্ষ্যে সড়ক-মহাসড়কে চাঁদা বন্ধ, স্বাস্থ্যবিধি অনুসারে গণপরিবহন চলাচল, পণ্যবাহী যানবাহনগুলোর নির্বিঘ্নে চলাচল, মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাসহ নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা জেলা পুলিশ।