ফেনীতে ১৬ কোটি টাকার সাপের বিষসহ আটক ১

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬ কোটি টাকা মূল্যের দুই পাউন্ড সাপের বিষসহ মো. ইকবাল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। গতকাল মঙ্গলবার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর স্টার লাইন ফুড এর পার্শ্বে মা দরবার ডিপার্টমেন্টাল স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঐ স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একজন পালিয়ে যেতে সক্ষম হয়। আটক মো. ইকবাল হোসেন নোয়াখালীর সুধারামপুর উপজেলার পশ্চিম রুইয়া এলাকার লাতু মিয়ার ছেলে। এ সময় তার সঙ্গে থাকা নম্বরবিহীন একটি মোটরসাইকেল, একটি মোবাইল, দুটি সিম ও একটি মেমো বই জব্দ করা হয়।

র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তি আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত রয়েছে। সাপের এসব বিষ তারা বিদেশ থেকে চোরাই পথে আমদানি করে দেশের বিভিন্ন অঞ্চলে অধিক মূল্যে বিক্রয় করে। এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।