গত আগস্টেই চীনে করোনা হানা দেয়

চীনের উহানে গত বছরের আগষ্ট থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল বলে হার্ভার্ড মেডিক্যাল স্কুলের এক গবেষণায় বলা হয়েছে। যদিও চীন এই তথ্যকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। এদিকে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ রেকর্ড পরিমাণে বাড়তে থাকায় দিল্লি এবং মুম্বাইয়ে হাসপাতালের শয্যা সংখ্যা নিয়ে সতর্ক করা হয়েছে।

হার্ভার্ডের গবেষকরা বিভিন্ন উপগ্রহের পাঠানো ছবি বিশ্লেষণ করে দেখেছেন, গত বছরের আগস্ট থেকেই উহানের হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বেড়ে যায়। প্রচুর মানুষকে হাসপাতালের দিকে গেছে। রোগীদের নিয়ে আসা প্রচুর গাড়ি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সার্চ ইঞ্জিনে কয়েকটি বাছাই করা শব্দ নিয়েও কৌতূহলী হয়ে উঠতে দেখা গেছে উহানের বাসিন্দাদের। যা সার্স-কভ-২ (কোভিড-১৯) ভাইরাসের উত্পত্তি সম্পর্কে সরকারি তথ্যাদির সঙ্গে খাপ খাচ্ছে না। দেখা গেছে, ‘কফ’ ‘ডায়ারিয়া’র মতো শব্দগুলো নিয়ে ঐ সময় থেকেই বিভিন্ন সার্চ ইঞ্জিনে কৌতূহলী হয়ে পড়েছেন উহানের বাসিন্দারা। গবেষণা নিয়ে সাংবাদিকদের চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়িং বলেন, আমি বলবো যে এটা অবিশ্বাস্য। হাস্যকর।

হাসপাতালের শয্যা নিয়ে সতর্কতা ভারতে

ভারতে প্রতিদিনই সংক্রমণে রেকর্ড গড়ছে। এক দিনে কোভিডে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৮৭ জন। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্ত ২ লাখ ৬৬ হাজার ৫৮৯ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩১ জনের। এক দিনে মৃতের সংখ্যা এই প্রথম ৩০০ পার করলো। কোভিড-১৯ এ দেশটিতে মোট মারা গেল ৭ হাজার ৪৬৬ জন। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়া জানিয়েছেন, দিল্লিতে ৫০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী আছে। হাসপাতালের বর্তমান শয্যা দিয়ে এতো রোগীকে সেবা দেওয়া সম্ভব নয়। শহরের হাসপাতালে অন্তত ৮০ হাজার শয্যা থাকা দরকার। মুম্বাইয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, হাসপাতালগুলোতে ৩০ টি আইসিইউ বেড আছে। এ দিয়ে কোভিড রোগীর চিকিত্সা দেওয়া সম্ভব নয়। দুই মাসের লকডাউন শেষে গতকাল খুলেছে মস্কো। রাশিয়ার রাজধানীতে গণপরিবহন, গাড়ি চালানো ও হাঁটাচলা করতে পারবে নাগরিকরা। -বিবিসি ও রয়টার্স