খুলনায় গরু চরানোকে কেন্দ্র করে বাগিবতণ্ডার জের ধরে এক কিশোরের ছুরিকাঘাতে নীল উত্পল বাপি রপ্তান (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় ক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে ঘাতক ইমন শেখও (১৮) মারা গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দাকোপ উপজেলার বাজুয়া এসএন ডিগ্রি কলেজের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নীল উত্পল বাজুয়া কলেজের সহকারী গ্রন্থাগারিক সুকুমার রপ্তানের ছেলে ও ঘাতক ইমন শেখ বাজুয়া গ্রামের বাদল শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বিকালে কলেজের মাঠে গরু চরানোকে কেন্দ্র করে সুকুমার ও তার ছেলে উত্পলের সঙ্গে ইমন শেখের বাগিবতণ্ডা হয়। এর জের ধরে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে ইমন শেখ ধারালো ছুরি নিয়ে নীল উত্পলের বাড়ি গিয়ে তাকে ঘুম থেকে তুলে কিছু বুঝে উঠবার আগেই তার পেটে ছুরিকাঘাত করে। উত্পলের আর্তচিত্কারে প্রতিবেশীরা এগিয়ে এসে ধারালো ছুরিসহ ইমন শেখকে আটক করে। গুরুতর আহত অবস্থায় উত্পলকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী ইমনকে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। পুলিশ তাকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম চৌধুরী বলেন, দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।