লিবিয়ায় মানব পাচার ও হত্যার ঘটনায় বিভিন্ন থানায় দায়েরকৃত পাঁচ মামলার আলোচিত প্রধান আসামি জুলহাস সরদারকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মানব পাচার মামলার আসামি জুলহাস সরদার এতদিন করোনা ভাইরাসের নমুনা দিয়ে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে পুলিশের হেফাজতে চিকিত্সাধীন ছিল।
এর মধ্যে দুইবার প্রেরিত নমুনা রিপোর্ট নেগেটিভ আসায় মঙ্গলবার বিকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। জুলহাস সরদার রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবতী গ্রামের আবদুল মজিদ সরদারের ছেলে। জানা গেছে, গত ২৮ মে রাতে লিবিয়ার মিজদাহ এলাকায় গুলি করে ২৬ বাংলাদেশিকে হত্যা করে মানব পাচারকারীরা। এর মধ্যে ১২ জনের বাড়ি মাদারীপুরে। এ ঘটনায় লিবিয়ায় নিহত রাজৈর উপজেলার হোসেনপুর (বিদ্যানন্দী) গ্রামের মানিক হাওলাদারের পিতা শাহ আলম হাওলাদার বাদী হয়ে গত মঙ্গলবার জুলহাস সরদারসহ চার জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
লিবিয়ায় নিহত জুয়েলের বাবা হোসেনপুর (বিদ্যানন্দী) গ্রামের রাজ্জাক হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেছেন। এছাড়াও রাজৈর থানার বদরপাশা ইউনিয়নের নিহত রহিম খালাসীর ভাই আবুল খায়ের খালাসী বাদী হয়ে রাজৈর থানায় আরো একটি মামলা দায়ের করেছে। এই মামলায় জুলহাস সরদারসহ সাত জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নের দক্ষিণ দুধখালি গ্রামের মো. শামীম হাওলাদারের বাবা হালিম হাওলাদার বাদী হয়ে মাদারীপুর সদর থানায় তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। এই মামলার প্রধান আসামি করা হয়েছে দালাল নজরুল মোল্লার স্ত্রী দিনা বেগমকে।