বৈশ্বিক মহামারি করোনার কারণে অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে তা থেকে উত্তরণে চলমান মেগা প্রকল্পে বিশেষ গুরুত্ব আরোপ দেখতে চান চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, জীবন ও জীবিকার মধ্যে সুসমন্বয় করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। নিঃসন্দেহে মহামারি মোকাবিলায় বাজেটে বিশেষ কিছু থাকবে বলে আশা রাখি। পাশাপাশি দেশে যেসব মেগা প্রকল্পের কাজ চলছে তার ধারাবাহিকতাও থাকতে হবে। বৃহত্তর চট্টগ্রামের কথাই যদি বলি বঙ্গবন্ধু শিল্পনগর, চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল, কর্ণফুলী টানেল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণ এসব প্রকল্পের কাজ যাতে নিরবচ্ছিন্ন গতিতে চলে তার প্রতিফলন থাকতে হবে বাজেটে। শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার ২০২০-২১ অর্থবছরের বাজেট সামনে রেখে শুল্ক, আয়কর ও ভ্যাট সংক্রান্ত ২৪৬ দফা প্রস্তাবনা পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)। এর মধ্যে শুল্ক খাতে ১৫৭টি, আয়কর সম্পর্কিত ৫৩ ও ভ্যাটের ৩৬টি প্রস্তাবনা রয়েছে।
চেম্বার সভাপতি বলেন, আমাদের সদস্য সংগঠন ও সদস্যদের কাছ থেকে বাজেট প্রস্তাবনা নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা যথাসময়ে এনবিআরে পাঠিয়েছি। আশাকরি, প্রতি বছরের মতো জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান, উত্পাদন, বিপণন ও ভোক্তাদের স্বার্থে এনবিআর এসব প্রস্তাব বিবেচনা করবে।