মোহাম্মদ নাসিম করোনামুক্ত

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি করোনামুক্ত হয়েছেন। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়ে বলেন, নাসিমের পরপর দুইটি করোনা শনাক্তকরণে নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। ব্রেইন স্ট্রোক হওয়ার পরিপ্রেক্ষিতে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর টানা চার দিন শারীরিক অবস্থা একই রকম আছে। আরো ৭২ ঘণ্টা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টেই রেখে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, নাসিমের এখন করোনা সংক্রমণ বড়ো সমস্যা না। বড়ো বিষয় হলো— ব্রেইন স্ট্রোক। তিনি লাইফ সাপোর্টে আছেন।

এদিকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের পরিচালক ও   প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন, সোমবার রাতে মেডিক্যাল বোর্ডের মিটিং হয়েছে। ওনার (নাসিম) অবস্থা আর খারাপ হয়নি, যেটা আমাদের আশার আলো দেখাচ্ছে। আরেকটা আশার কথা হলো—তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। রোগীর ব্রেইনের সিটিস্ক্যান করা হয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, আপাতত সিটিস্ক্যান করানো হবে না। কারণ ওনার যে সাপোর্টগুলো আছে, সেগুলো সরালে সমস্যা হতে পারে।

জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর সন্তান মোহাম্মদ নাসিম গত আট দিন ধরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিত্সাধীন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘ডিপ কোমায় আছেন তিনি। তার অবস্থা অপরিবর্তিত।’

জানা গেছে, আরো উন্নত চিকিত্সার জন্য পরিবারের পক্ষ থেকে তাকে দেশের বাইরে নিতে যোগাযোগ করা হচ্ছে। উল্লেখ্য, জ্বর-কাশি ও শারীরিক দুর্বলতার মতো উপসর্গ নিয়ে গত ১ জুন শ্যামলীর ঐ হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষায় মোহাম্মদ নাসিমের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।