করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মো. ফখরুল কবির (ইন্নালিল্লাহি...রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সোমবার রাতে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়। তিনি জুন মাসের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার স্ত্রীও করোনা পজিটিভ এবং তিনি বাসায় থেকে চিকিত্সা নিচ্ছেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য ছিলেন যুগ্মসচিব মো. ফখরুল কবির। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ও সচিব কাজী রওশন আক্তার। প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এক শোকবার্তায় ফখরুল কবিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।