আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করেছেন ১৪ দলের নেতারা। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় ১৪ দলের নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে নিজ নিজ ধর্মমতে এ প্রার্থনায় শরিক হন। একইসঙ্গে দেশ ও বিশ্ব থেকে করোনার প্রাদুর্ভাব দূর হয়ে যাওয়ার জন্য প্রার্থনা করা হয়। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন নেতৃবৃন্দ।
এই প্রার্থনায় অংশগ্রহণকারী ১৪ দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ন্যাশনাল আওয়ামী পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক এস কে সিকদার, জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ মুক্তা, ন্যাপের ইসমাইল হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. ওয়াজেদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, সাদেক খান এমপি প্রমুখ।