পাপুলের স্ত্রীসহ ৪ জনের তথ্য চেয়ে দুদকের চিঠি

কুয়েতে অর্থ ও মানব পাচারের অভিযোগে গ্রেফতার হওয়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। একই সঙ্গে পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিন প্রধানকেও চিঠি দেওয়া হয়েছে। বিশেষ দূত মারফত পাঠানো চিঠি গ্রহণ করেছেন পাপুলের স্ত্রী।

দুদক সূত্রে জানা গেছে, পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার বিস্তারিত নাম-ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বরসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে তাদের পূর্ণাঙ্গ ঠিকানা, পরিবর্তিত ও অপরিবর্তিত ঠিকানা দিতে বলা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে অর্থ পাচার, হুন্ডি ব্যবসা ও মানব পাচারসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক।

গত শনিবার রাতে কুয়েতের মুশরিফ আবাসিক এলাকার বাসা থেকে কাজী পাপুলকে গ্রেফতার করে কুয়েত সিআইডি।