অবৈধভাবে ওষুধ নেওয়ার সময় সিনিয়র স্টাফ নার্স আটক

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে অবৈধভাবে ওষুধ নিয়ে যাওয়ার সময় হাতেনাতে  সিনিয়র স্টাফ নার্স আটক হয়েছেন। ঐ নার্সের নাম তপন কুমার। তিনি স্বাধীনতা নার্সেস পরিষদেরও সাংগঠনিক সম্পাদক। গতকাল সন্ধ্যায় গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে আটক করে। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

সূত্র জানিয়েছে, তপন কুমার জরুরি বিভাগের ইনচার্জ। গতকাল সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে অবৈধভাবে ওষুধ নিয়ে বের হন। তখন গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়।

হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, ‘তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।