বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যাদের কোভিড-১৯ রোগের লক্ষন নেই তাদের কাছ থেকে সংক্রমণের ঘটনা খুবই বিরল। সংস্থাটি করোনা ভাইরাস পরিস্থিতি ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে। খবর বিবিসির
গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কোভিড-১৯ এর কারিগরি বিষয়ক প্রধান মারিয়া ভন কেরখোভ জানিয়েছেন, উপসর্গহীন রোগীদের থেকে সংক্রমণের সংখ্যা খুবই কম। এমন ঘটনা বিরল। কিছুদিন আগে পর্যন্ত উপসর্গহীন রোগীদের সম্পর্কে সতর্কবার্তা দিয়ে সচেতন করার চেষ্টা করেছিল ডব্লিউএইচও। গতকাল লক্ষণহীন রোগীদের নিয়ে কোনো উদ্বেগ নেই বলে নতুন বার্তা দিল সংস্থাটি।
ভার্চুয়াল বৈঠকে মারিয়া ভন জানান, উপসর্গহীন আক্রান্তদের থেকে সংক্রমণের ভয় নেই। সংক্রমিত হলেও বোঝা যাবে না। তবে এ বিষয়ে আরো গবেষণা দরকার উল্লেখ করে মারিয়া ভন জানিয়েছেন, যেসব দেশে এই ধরনের লক্ষণ দেখা দিয়েছে, সেসব দেশের সরকারের উচিত শরীরের উপসর্গ রয়েছে এমন রোগীদের খুঁজে বের করে দ্রুত চিকিত্সার ব্যবস্থা করা। এদিকে ডব্লিউএইচও এর প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস জানিয়েছেন, গত ১০ দিনের মধ্যে ৯ দিনে বিশ্বের প্রতিদিন গড়ে এক লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। বোঝা যাচ্ছে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হচ্ছে।