জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

গতকাল মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণের পর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে দলের সভানেত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকবার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী এরপর শেখ রেহানা ও সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে নিয়ে বনানী কবরস্থানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে ১৫ আগস্ট হত্যাযজ্ঞে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভানেত্রী জাতীয় তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ ও ক্যাপ্টেন মনসুর আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় এই তিন নেতা এবং এ এইচ এম কামরুজ্জামান ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে নিহত হন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, কাজী আকরাম উদ্দিন আহমেদ, মোজাফফর হোসেন পল্টু, ইউসুফ হোসেন হুমায়ুন, দলের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু, আবদুল মান্নান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সম্পাদকমণ্ডলীর সদস্য আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, হারুনুর রশিদ, দেলওয়ার হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আকতারুজ্জামান, আনোয়ার হোসেন প্রমুখ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ দলের সহযোগী সংগঠনসমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।