একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করায় সৌদি আরবের বাদশাহ ও পবিত্র দুই মসজিদের রক্ষক সালমান বিন আবদুল আজিজ আল সউদ গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, সৌদি বাদশাহ রবিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মঙ্গলবার অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। সৌদি বাদশাহ্ বার্তায় প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেছেন। পাশাপাশি বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। প্রেস সচিব আরো জানান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সউদ পৃথক এক বার্তায় আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
এদিকে আওয়ামী লীগের ব্যাপক বিজয় অর্জনের জন্য দেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কাতারের আমীর শেখ তামীম বিন হামাদ আল থানি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন কাতারের আমীর। তিনি বলেন, বার্তায় কাতারের আমীর বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনা করেছেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাসস জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গতকাল অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী গতকাল বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথক পৃথকভাবে টেলিফোন করেন এবং আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনের জন্য শেখ হাসিনা, তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান। প্রেস সচিব আরো জানান, তিন নেতা আশা প্রকাশ করেন যে দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক ও সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদার হবে।