n খেলা চলা অবস্থায় খেলোয়াড় করোনা আক্রান্ত হলে দলগুলো বদলি খেলোয়াড় নামাতে পারবে
n কোনো অবস্থাতেই বলে লালা ব্যবহার করা যাবে না। করলে শাস্তি
n করোনা পরিস্থিতিতে স্থানীয় আম্পায়াররা সব ম্যাচ পরিচালনা করতে পারবেন
n এই পরিস্থিতিতে আম্পায়ারদের অভিজ্ঞতা বিবেচনায় প্রতি ইনিংসে একটি ডিআরএস বাড়ানো হয়েছে
স্পোর্টস রিপোর্টার
করোনার প্রবল আগ্রাসনকে পাশ কাটিয়ে শুরু হতে যাচ্ছে ক্রিকেট। এই সময় একটা নতুন দুশ্চিন্তা হয়েছে, খেলা চলা অবস্থায় কোনো খেলোয়াড় করোনায় আক্রান্ত হলে কী হবে। আইসিসির ক্রিকেট কমিটি আগেই সুপারিশ করেছে, এ রকম ক্ষেত্রে বদলি পাবে দলগুলো। আর গতকাল এই আইন পাশ হয়েছে।
বলে লালা ব্যবহার নিষিদ্ধ, স্থানীয় ম্যাচ অফিসিয়াল নিয়োগ, প্রতি ইনিংসে বাড়তি একটি ডিআরএস রিভিউ যুক্ত করার যে সুপারিশগুলো আইসিসির ক্রিকেট কমিটি করেছিল, সেগুলোও সংস্থাটির প্রধান নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
টেস্ট ম্যাচের মাঝে কোনো খেলোয়াড়ের করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে তার বদলি নামাতে পারবে সংশ্লিষ্ট দল। এটি অনেকটা কনকাশন বদলির মতো; একই ধরনের খেলোয়াড় হতে হবে। এটির অনুমোদন পেতে হবে ম্যাচ রেফারির থেকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের ক্ষেত্রে এই নিয়ম অবশ্য প্রযোজ্য হবে না।
বল চকচকে করতে খেলোয়াড়রা লালা ব্যবহার করতে পারবেন না। ভুল করে এই কাজ করলে সেই দলকে প্রথমে সতর্ক করা হবে। প্রতি ইনিংসে একটি দলকে দুবার সতর্ক করা হবে। এরপরও একই কাজ করলে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি হিসেবে দেওয়া হবে। লালা ব্যবহার করা মাত্র আম্পায়ারের নির্দেশে বল জীবাণুমুক্ত করার পরই আবার খেলা শুরু করা যাবে।
কোভিড-১৯ পরিস্থিতিতে ভ্রমণের ওপর বিধিনিষেধ থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে নিরপেক্ষ আম্পায়ার নিয়োগের নিয়মটি সাময়িকভাবে বাতিল করা হয়েছে। আপাতত আইসিসির এলিট প্যানেলের ম্যাচ অফিসিয়াল ও আন্তর্জাতিক প্যানেল ম্যাচ অফিসিয়ালদের মধ্যে স্থানীয়দেরকে ম্যাচে নিয়োগ দিতে পারবে আইসিসি।
সঙ্কটকালীন সময়ে তুলনামূলক কম অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল দায়িত্ব পালন করতে পারেন, বিষয়টি বিবেচনায় রেখে প্রতি ইনিংসে বাড়তি একটি ডিআরএস রিভিউ যুক্ত করার সুপারিশও অনুমোদন দেওয়া হয়েছে। টেস্টের ক্ষেত্রে প্রতি ইনিংসে এখন থেকে রিভিউ থাকবে তিনটি করে, আর সাদা বলের ক্রিকেটে প্রতি ইনিংসে দুটি করে।
এছাড়া, খেলোয়াড়দের আচরণবিধি লঙ্ঘনের শাস্তি প্রক্রিয়ার সময় আইসিসি ক্রিকেট অপারেশনস টিম ম্যাচ রেফারিদের সহায়তা করবেন। এক জন নিরপেক্ষ এলিট প্যানেল ম্যাচ রেফারি ভিডিও লিঙ্কের মাধ্যমে যে কোনো ধরনের শুনানি পরিচালনা করবেন।