চলনবিলে অবাধে শিকার হচ্ছে মা মাছ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চলনবিলে বর্ষার নতুন পানি আসার সঙ্গে সঙ্গে মা মাছ ধরতে নেমে পড়েছেন জেলেরা। নিষিদ্ধ কারেন্ট জালসহ বিভিন্ন জাল দিয়ে মাছ শিকার করছেন তারা। এই মা এবং ডিমওয়ালা মাছ নিধন বন্ধে স্থানীয় প্রশাসন এখনই কার্যকরি পদক্ষেপ না নিলে আগামীদিনে চলনবিলে মাছ উত্পাদনে বড়ো ধরনের সংকট দেখা দিতে পারে। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলা নিয়ে চলনবিলাঞ্চলে এখন চলছে নানা উপায়ে মা মাছ শিকার। মাছ ধরার বিভিন্ন উপকরণ দিয়ে দিনে ও রাতে মা-মাছ শিকার করে হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। নিষিদ্ধ কারেন্ট জালও বিক্রি হচ্ছে।  গত এক সপ্তাহে চাটমোহর, তাড়াশ ও সিংড়া মত্স্য আড়তে দেখা গেছে ডিমে পেট ভরপুর টেংরা, বাতাসি, পুঁটি, মলা, বোয়াল, শোল, মাগুরসহ বিভিন্ন দেশীয় প্রজাতির ডিমওয়ালা মাছ।

চাটমোহর উপজেলা সিনিয়র মত্স্য অফিসার মো. মাহবুবুর রহমান বলেন, বিলে নতুন পানি আসার কারণে কিছু অসাধু জেলেরা মা মাছগুলো শিকার করছে। আমরা প্রথমে মাইকিং করব। এরপর অভিযান শুরু করা হবে। কারেন্ট জাল বিক্রির বিরুদ্ধেও অভিযান চালানো হবে।