ঝিনাইদহে অনেক ব্যাংক শাখায় অব্যবস্থাপনা, বাড়ছে করোনা ঝুঁকি

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে অনেক ব্যাংক শাখার অব্যবস্থাপনা জেলায় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এসব ব্যাংক শাখায় মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। এমনই একটি ঝুঁকিপূর্ণ ব্যাংক হচ্ছে শৈলকুপা সোনালী ব্যাংক শাখা। সাধারণ দৈনন্দিন লেনদেন ছাড়াও বয়স্ক, বিধবা, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের ভাতা এ শাখা থেকে দেওয়া হয়। এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনও এই শাখা থেকে দেওয়া হয়। ব্যাংক খোলার আগেই সকাল থেকে দূর-দূরান্ত থেকে শত শত মানুষ এসে লাইন দেন। তাদের মধ্যে বয়স্ক নারী-পুরুষের সংখ্যাই বেশি। ব্যাংকের ভেতরে জনসভার মতো ভিড় লেগে যায়। পা ফেলার জায়গা থাকে না। ব্যাংকের ম্যানেজার ওয়াহিদুজ্জামান বলেন, কেউ কথা শোনে না।