ইত্তেফাক রিপোর্ট
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশের সীমা ১ লাখ টাকা করার দাবি জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সেই সঙ্গে করপোরেট করহার কমানোসহ ২০২০-২০২১ অর্থবছরের বাজেটের জন্য আরো চারটি দাবি জানিয়েছে এই শেয়ারবাজারটির কর্তৃপক্ষ। ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে সিএসইর প্রত্যাশা নিয়ে গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসিফ ইব্রাহিম এক বিবৃতিতে এসব দাবি জানান।
বিবৃতিতে বলা হয়েছে, তালিকাভুক্ত কোম্পানির করহার (করপোরেট করহার) শতকরা ২৫ ভাগ থেকে কমিয়ে ২০ ভাগ করা যেতে পারে। এতে করে যেসব কোম্পানি লিস্টেড না তারা পুঁজিবাজারে আসতে অনুপ্রাণিত হবে।
করমুক্ত লভ্যাংশের সীমার বিষয়ে বলা হয়েছে, ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত লভ্যাংশের সীমা বৃদ্ধি করতে হবে। করমুক্ত লভ্যাংশের সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা যেতে পারে। এছাড়া ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা করা এবং এসএমই কোম্পানির জন্য নতুন করহার নির্ধারণ করার দাবি জানিয়েছে সিএসই।
এসএমইর নতুন করহারের বিষয়ে বলা হয়ছে, নতুন যেসব কোম্পানি শেয়ার মার্কেটে আসবে তাদের জন্য প্রথমেই কর প্রদানে বাধ্য না করে প্রথম তিন বছরের জন্য শূন্য করে দেওয়া যেতে পারে এবং পরবর্তীতে শতকরা ১৫ ভাগ হারে কর আরোপ করা যেতে পারে। কারণ আমাদের উদ্দেশ্য মার্কেটের গভীরতা বৃদ্ধি এবং ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে শেয়ারবাজারে যেন নতুন ভালো ভালো কোম্পানি আসে সে ব্যাপারে অনুপ্রেরণা দেওয়া।
সিএসই আরো বলেছে, কোভিড-১৯ উত্তর অর্থনীতিতে ম্যানুফ্যাকচারিং খাতে চাকরি হারানোর আশঙ্কা আছে। তাই এসব ক্ষেত্রে কিছু ইনসেনটিভ এবং ট্যাক্স কনসেশনের ব্যবস্থা করা যেতে পারে।