একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যক আসনে বিজয় লাভ করায় রোহিঙ্গা শিবিরে স্বস্তি ফিরে এসেছে। স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে তারা এখন পুরোপুরি আশাবাদী। রাজনৈতিক টানাপোড়েন ও মিয়ানমারের অনীহা থাকলেও তাদের স্বদেশে ফিরে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী এবার দ্বিগুণ উত্সাহ নিয়ে কাজ করবেন বলে তাদের দৃঢ় বিশ্বাস। মঙ্গলবার কুতুপালং বস্তি ও রেজিষ্টার্ড ক্যাম্পের বেশ কয়েকজন সাধারণ রোহিঙ্গা, মাঝি ও হেডমাঝির প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তারা এসব কথা বলেন।
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা শফি আলম (২২), এনায়েত আলী (২৫) ও মো. শফি (১৯) জানান, নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ায় রোহিঙ্গারা খুশি। কেননা শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হওয়ায় এবার দ্বিগুণ উত্সাহ নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে কাজ করবেন। রোহিঙ্গা বস্তির নেতা মো. নুর জানান, তারা ২০১২ সালে কুতুপালং ক্যাম্প এলাকায় এসে আশ্রয় নিয়েছেন। তিনি দাবি করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসাতে রোহিঙ্গাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা দেশে ফিরে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলছে, এখানে যতই সুখে দিন কাটুক না কেন, পরবাসে জীবন-যাপন করতে মোটেও রাজি নয় রোহিঙ্গারা।
১৯৯২ সালে কুতুপালং ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নেতা ডাক্তার জাফর আলম জানান, প্রধানমন্ত্রী ক্ষমতায় আসাতে রোহিঙ্গাদের মাঝে প্রাণের সঞ্চার হয়েছে। তারা পূর্ণ নাগরিকত্ব নিয়ে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে আশাবাদী হয়েছেন।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের আহবায়ক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছেন। রাষ্ট্রীয় আনুষঙ্গিক কাজ সম্পন্ন করার পর তিনি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে কাজ করবেন বলে তার প্রত্যাশা।