করোনার মধ্যেও ডেঙ্গু আতঙ্ক

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা 

করোনা প্রাদুর্ভাবের মধ্যে ডেঙ্গু নিয়ে আতঙ্কে রয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার লোকজন। বর্ষার শুরুতেই শায়েস্তাগঞ্জ পৌর এলাকাবাসী অতিষ্ঠ মশার উপদ্রবে। আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে মশার উত্পাত। পৌর শহরের সর্বত্র মশার উপদ্রবে বিপর্যস্ত জনজীবন। শায়েস্তাগঞ্জ পৌরসভার উদয়ন আবাসিক এলাকায় দেখা যায়, পৌরসভার কয়েক জন কর্মী মশক নিধনের কাজে নিয়োজিত রয়েছেন। তারা জানালেন, এলাকায় মশক নিধনে ওষুধ স্প্রে করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম পৌর এলাকার সবকয়টি ওয়ার্ডে প্রয়োগ করা হবে।

পৌরসভার দাউদনগর মহল্লার বাসিন্দা তানভীর চৌধুরী বলেন, করোনা ভাইরাস নিয়ে সারাদেশ আতঙ্কে আছে এর মাঝে মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। দিনে-রাতে সব সময়ই ঘরে-বাইরে মশার আক্রমণ অসহনীয় হয়ে উঠেছে। এর ফলে যদি ডেঙ্গুজাতীয় রোগবালাই দেখা দেয় তা হলে মৃত্যু ছাড়া উপায় নেই। কারণ এখন ডাক্তার-টেস্ট কিছুই পাওয়া যাবে না। এ পরিস্থিতিতে শায়েস্তাগঞ্জে এখনই মশক নিধন কার্যক্রম পরিচালনা করা জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি মশার বংশ বৃদ্ধিতে সহায়ক স্থানসমূহ চিহ্নিত করে বংশবিস্তার রোধকল্পে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এতে করে আসন্ন মশার উত্পাত থেকে সবাই রক্ষা পাবে বলে মনে করেন সচেতন মহল।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া বলেন, ইতিমধ্যেই মশকনিধন কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার নয়টি ওয়ার্ডেই মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হবে। করোনার মধ্যেও পৌর এলাকার সবকয়টি ওয়ার্ডে ঝোঁপঝাড় পরিষ্কার ও মশানিধনে স্প্রে করা হয়েছে। বৃষ্টিবাদল শুরু হওয়ায় আবার মশার জন্ম হয়েছে। তবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।