বেনাপোল (যশোর) সংবাদদাতা
শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলোট সীমান্তে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে গুলি করেছে বিএসএফ। নিহত গরু ব্যবসায়ী শরীফুল ইসলাম (২৬) বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে। গতকাল বুধবার ইছামতি নদী থেকে লাশটি উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ।
নিহতের চাচা ইউনুস আলী ও তার স্ত্রী মদিনা খাতুন জানান, শরীফুল এক জন গরু ব্যবসায়ী। সোমবার তিনি গরু কিনতে ভারতে যান। গতকাল শরীফুল ও অন্যরা ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার সময় ঝাউডাংগা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে মারা যায় শরীফুল। বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে লাশ ইছামতি নদীতে ভাসিয়ে দেয় বলে তারা জানান। নিহতের বুকে গুলির চিহ্ন আছে বলে নিহতের পরিবারের সদস্যরা জানান। গতকাল ইছামতি নদী থেকে লাশটি উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর-ই-এলাহী জানান, গতকাল বিজিবির একটি দল নদীর পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে তার লাশ ভাসতে দেখে শার্শা থানা পুলিশকে খবর দেয়। নিহতের লাশ ইছামতি নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।