বিবিসি ও আলজাজিরা
আদালতের নির্দেশে আবারও করোনা ভাইরাস সংক্রমণের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ব্রাজিল সরকার। তিনটি রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঐ আদেশ দেন দেশটির সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। এর পরপরই ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেওয়া শুরু করে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত সপ্তাহে শুধু দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রকাশের ঘোষণা দিয়েছিল ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে দাবি করে বিস্তারিত তথ্য দেওয়া হবে না বলে জানিয়েছিল তারা। এর পরপরই শুরু হয় ব্যাপক সমালোচনা। ব্রাজিলে করোনা সংক্রমণের তথ্য গোপন ও বিকৃত করে প্রকাশ করা হচ্ছে, এমন আশঙ্কা করে বোলসোনারো সরকারের কঠোর সমালোচনা করেন বিশ্লেষকরা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি মোরাইস সরকারি ওয়েবসাইটে করোনা সংক্রমণের বিস্তারিত তথ্য পুনরায় প্রকাশের নির্দেশ দেন। এর জন্য সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন তিনি। সময় শেষ হওয়ার আগেই আদালতের নির্দেশ পালন করেছে কর্তৃপক্ষ।
বিশ্বে সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশের তালিকায় দুইয়ে রয়েছে ব্রাজিল। দেশটিতে মাসখানেক ধরে হুহু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, লাতিন আমেরিকার দেশটিতে বুধবার সন্ধ্যা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ৮৪ জন। মারা গেছেন ৩৮ হাজার ৪৯৭ জন। তবে সরকারি হিসাবের চেয়ে দেশটিতে আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা কয়েক গুণ বেশি বলে দাবি বিশ্লেষকদের। আর এমন ভয়াবহ পরিস্থিতির জন্য দেশটির কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জইর বোলসোনারোর সিদ্ধান্তকেই দায়ী করছেন সমালোচকরা। এর আগে লকডাউন তোলার বিষয়ে সমালোচনা করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন বোলসোনারো।