এএফপি
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের অন্যতম কেন্দ্র হিসাবে দেখা দেওয়া পেরুতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। ফলে করোনায় আক্রান্তের দিক থেকে দক্ষিণ আমেরিকার এ দেশটি বিশ্বে অষ্টম সর্বোচ্চ স্থানে উঠে এসেছে। পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার পেরুতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৭৩৮ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৩ হাজার ৭৩৬ জনে দাঁড়ায়। আগের দিনের চেয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪ হাজার। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে নতুন করে ১৬৭ জনের প্রাণহানি ঘটেছে। এদিকে মৃতের সংখ্যার দিক থেকে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পেরু তৃতীয় স্থানে উঠে এসেছে। এক্ষেত্রে প্রথম স্থানে ব্রাজিল ও দ্বিতীয় স্থানে মেক্সিকো রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে আক্রান্তের সংখ্যার দিক থেকে পেরু এখন কেবলমাত্র ব্রাজিলের পেছনে রয়েছে। ব্রাজিল হচ্ছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। এদিকে প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা ঘোষিত ১২ সপ্তাহের লকডাউন চলায় পেরুর অর্থনীতিও মুখথুবড়ে পড়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন।