৩৬১৭ ভূমি অফিসে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হচ্ছে

ইত্তেফাক রিপোর্ট

দেশব্যাপী ই-নামজারির উদ্যোগ বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে ‘স্বচ্ছ ও জবাবদিহি সরকারি প্রতিষ্ঠানের বিকাশ’ ক্যাটাগরিতে জাতিসংঘের ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০২০’ পেয়েছে ভূমি মন্ত্রণালয়।

এ উপলক্ষ্যে গতকাল বুধবার সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, জাতিসংঘের এ পুরস্কার প্রাপ্তির পর দায়িত্ব আরো বেড়ে গেছে। তিনি বলেন, ভূমি অফিসে ই-নামজারি চালু হওয়ায় সেবা পেতে কম সময় ও কম খরচ হচ্ছে। ফলে নাগরিক সন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে এবং দালালদের দৌরাত্ম্য ও মাঠপর্যায়ে দুর্নীতির সুযোগ কমছে। তিনি এ পুরস্কারকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ও জাতির সম্মিলিত অর্জন বলে উল্লেখ করেন। ভূমিমন্ত্রী বলেন, ২০১৬ সাল থেকে ই-নামজারি পাইলটিং শুরু হয়। বর্তমানে তিনটি পার্বত্য জেলা বাদে সারাদেশে একযোগে শতভাগ ই-নামজারি বাস্তবায়ন হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য সেক্টরের মতো ভূমি সেক্টরেও আমরা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। দেশের ৩৬১৭টি ভূমি অফিসে ফিক্সড ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।