ইত্তেফাক রিপোর্ট
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেতৃত্ব দেওয়া বিশ্বের ৪০টি মেগাসিটির মেয়রদের নিয়ে গঠিত সংস্থা সি-ফরটি (৪০) এর স্টিয়ারিং কমিটির দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের নতুন ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল বুধবার সি-ফরটি চেয়ারম্যান এবং লস এঞ্জেলস শহরের মেয়র এরিক গারসেটি ই-মেইলে এ সংবাদটি জানান বলে জানিয়েছে ডিএনসিসি। দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের ভাইস চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় এরিক গারসেটি ডিএনসিসি মেয়রকে অভিনন্দন জানান। উল্লেখ্য, গত বছর ৯-১২ সেপ্টেম্বর ডেনমার্কে সি-ফরটি সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম অংশগ্রহণ করেন। সে সম্মেলনে বিভিন্ন শহর থেকে আগত মেয়ররা তাদের নিজ নিজ শহরে নাগরিকদের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যেসব ভবিষ্যত্ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছেন তা তুলে ধরেন। সম্মেলনে বিভিন্ন শহরের মেয়র ছাড়াও ব্যবসায়ী নেতা, স্বেচ্ছাসেবী, বিজ্ঞানী, জলবায়ু কর্মীসহ আরো অনেকে অংশগ্রহণ করেন।