ফেনীর সোনাগাজীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নিজামউদ্দিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। পুলিশের ধারণা—ডাকাতির মালামাল নিয়ে অন্তর্কোন্দলে নিজাম ডাকাত নিহত হতে পারে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে গোলাগুলির শব্দ হয়। এ সময় পুলিশের টহল দল সেখানে গিয়ে অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ লাশ দেখতে পায়, সঙ্গে পাওয়া যায় একটি আগেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, গোলাগুলি ও অজ্ঞাত লাশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলিসহ লাশ উদ্ধার করি। পরে জানতে পারি অজ্ঞাত ব্যক্তি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার মধ্যম মুছাপুর গ্রামের জামালউদ্দিনের ছেলে নিজামউদ্দিন ওরফে নিজাম ডাকাত। তার বিরুদ্ধে তিনটি ডাকাতি, দুটি অস্ত্র মামলা এবং দুটি ডাকাতির প্রস্তুতিসহ আরো বেশ কিছু মামলা আছে সোনাগাজী ও কোম্পানীগঞ্জ থানায়।