আল্লামা শফীর অবস্থা উন্নতির দিকে

চট্টগ্রামে মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফির শারীরিক অবস্থা উন্নতির দিকে। তার ব্যক্তিগত সহকারী ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাঈনুদ্দীন রুহী গতকাল বুধবার ইত্তেফাককে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, হুজুরের (আল্লামা শফী) অবস্থা এখন অনেকটাই ভালো। তিনি এখন কথা বলতে পারছেন। তবে এখনো মুখে কোনো খাবার গ্রহণ করতে পারছেন না। হুজুর সকলের জন্য দোয়া করছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বলেন, আল্লামা শফী সাহেব ভালো আছেন। তিনি আইসিইউতে রয়েছেন। নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ধরা পড়েনি। তবে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে তাকে কেবিনে স্থানান্তর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।