বছরের শুরুতেই চাঙ্গা পুঁজিবাজার

বছরের প্রথম কার্যদিবসে গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় উত্থানের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। তবে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে সামান্য কমেছে। গতকাল ডিএসইতে সূচক প্রায় ৮০ পয়েন্ট বেড়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বরে পুঁজিবাজারে বড় পতনের পর শেষ দিকে সূচকের উন্নতি হতে থাকে। তাছাড়া জাতীয় নির্বাচনকে ঘিরে অনেকেই পুঁজিবাজারে বিনিয়োগ সিদ্ধান্তে একটু বিলম্ব করে থাকেন। নতুন বছরে বাজার ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৪১টি কোম্পানির ১৫ কোটি ৩০ লাখ ৪৭ হাজার ৪৫০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। টাকার অংকে মোট লেনদেনের পরিমাণ ৫৩০ কোটি ১৭ লাখ ৪২ হাজার টাকা। এর আগের কার্যদিবস গত ২৭ ডিসেম্বর লেনদেন হয়েছিলো ৫৩৮ কোটি ৩৪ লাখ টাকার।

গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭৯ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৭ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১৯০৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১২ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১২৪৫ দশমিক ৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬৪ টির, কমেছে ৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার।

লেনদেনে শীর্ষে থাকা প্রধান ১০ কোম্পানি হলো, বিবিএস কেবলস, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, খুলনা পাওয়ার, সায়হাম কটন, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, পেনিনসুলা চিটাগাং ও বিডি কম।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, এমএল ডাইং, ইন্দো-বাংলা ফার্মা, খুলনা পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, সিলভা ফার্মা, বিবিএস কেবলস, কাট্টালি টেক্সটাইল ও পেনিনসুলা চিটাগাং।

অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৮১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৭৩০ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ৩৯টির এবং ১১টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।