পার্বত্য রাঙ্গামাটি ২৯৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদারকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণের দুইদিন পর গতকাল মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটির দুর্গম বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নের ১টি কেন্দ্র থেকে হেলিকপ্টার যোগে সর্বশেষ কেন্দ্রের ফলাফল পাওয়ার পর বিকেল ৩টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ সব কয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে দীপংকর তালুকদারকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। তিনি ২০৩টি কেন্দ্রে নৌকা প্রতীকে পেয়েছেন ১৫৯২৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জনসংহতি সমিতির সমর্থিত সতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার সিংহ প্রতীকে পেয়েছেন ১০৮০৩৬ ভোট।
এদিকে এই ফলাফল ঘোষণার কিছুক্ষণের মধ্যে বিকেলে শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে সতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার এক সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি আসনের ঘোষিত ফলাফল প্রত্যাখান করেছেন। নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ফলাফল বাতিল করা না হলে যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন দায়ী থাকবে। তিনি রাঙ্গামাটিতে নির্বাচনকালীন সময়ে আটককৃত তার দলের সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবী করেন।