অ্যাটলেটিকোর প্রস্তাবে রিয়ালের না

দর্শক মাঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছে স্পেনে। ফলে স্টেডিয়াম পুনঃনির্মাণের কারণে অনুশীলন মাঠে খেলার সিদ্ধান্ত নেওয়া রিয়াল মাদ্রিদকে নিজেদের মাঠ ব্যবহারের প্রস্তাব দিয়েছিল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে রিয়াল এমন প্রস্তাবে গ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইএসপিএন।

আগামী ২১ জুন থেকে ৩০ শতাংশ দর্শক মাঠে আসার অনুমতি দেওয়ার সম্ভাবনা আছে স্পেনে। সেটা হলে এস্তাদিও দি স্তেফানোয় মোটে দর্শক আসতে পারবেন ২০০০ জন। সান্তিয়াগো বার্নাব্যুর ২৩ হাজারের তুলনায় সংখ্যাটা নগণ্যই।

এ কারণেই নগর প্রতিদ্বন্দ্বীদেরকে নিজেদের মাঠ ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদ সভাপতি এনরিকে সেরেহো। ইতিহাসেও বহুবার একে অপরের মাঠকে ‘হোম’ হিসেবে ব্যবহার করেছে দুই দল। সেটা মনে করিয়ে দিয়েই তিনি বলেন, ‘ডাবল জেতা মৌসুমে সেল্টাকে ২-০ গোলে হারায় অ্যাটলেটিকো, সেটা বার্নাব্যুতে হয়েছিল কারণ ভিসেন্তে ক্যালদেরনে তখন কাজ চলছিল। আমার এটাও মনে আছে মাদ্রিদ রায়কে ৫-৩ ব্যবধানে হারিয়েছিল সেটা ক্যালদেরনে। যদি ক্লাবের সমস্যা না থাকে, ভক্তদেরও থাকার কথা নয়।’ তবে নগর প্রতিদ্বন্দ্বীদের এমন প্রস্তাব নাকচ হওয়ার দ্বারপ্রান্তে, নির্ভরযোগ্য সূত্র বরাতে জানিয়েছে ইএসপিএন। অনুশীলন মাঠে খেলা নিয়ে কারো মনে কোনো খেদ নেই বলেও জানিয়েছে সে সূত্র।