করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই কঠিন সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের নানা রকম ভোগান্তির খবর পাওয়া যাচ্ছে। করোনা আক্রান্ত ছাড়া অন্যদের চিকিত্সা সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। সেই দুর্ভোগের মিছিলে পড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বাবা আবদুুল কুদ্দুসও।
শ্বাসকষ্টে ভোগা বাবাকে নিয়ে ঢাকায় ৫-৬টা হাসপাতালে ঘুরেছিলেন বিপ্লব। কোথাও ভর্তি করতে পারেননি। পরে মিরপুর হার্ট ফাউন্ডেশনে এসে নিজের পরিচয় দিয়েও বাবাকে ভর্তি করতে পারেননি এই তরুণ ক্রিকেটার। শেষতক বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের সাহায্যে নিজের বাবাকে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করাতে পেরেছেন বিপ্লব।
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে উদীয়মান এ ক্রিকেটার বলেছেন, ‘গত দুদিন ধরে বেশ কয়েকটি হাসপাতালে ঘুরেছি। কিন্তু কেউ ভর্তি করাতে রাজি হয়নি। বাবার শরীরটা যত সময় যাচ্ছিল খারাপ হচ্ছিল। পরে বাধ্য হয়ে তামিম ভাইকে (তামিম ইকবাল) ও সাব্বির ভাইকে (বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানেজার) ফোন করি। এরপর উনারা কথা বলেন। তামিম ভাই এখানের একজন ডাক্তারকে বলেন, এরপরেই ভর্তি করাতে পেরেছি। তবে বাবার শরীরের অবস্থা এখনো ভালো না। আগের মতোই। আপনারা সবাই দোয়া করবেন।’