শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই থেকে আইসিসিকে একটা সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে। যাতে বলা হয়েছে, এ বছরের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন না করার জন্য। সে সময়ে তারা আইপিএল করতে চায়। আইসিসি এ প্রস্তাবে কী সিদ্ধান্ত নেবে, তা জানা যায়নি। তারা বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেবে এক মাস পর। তবে আইসিসির অপেক্ষা না করে বছরের শেষ দিকে আইপিএল আয়োজনের উদ্যোগ শুরু করে দিয়েছে বিসিসিআই। বুধবার বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থাকে একটি চিঠি পাঠিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সেখানে বলা হয়েছে, প্রয়োজনে খালি স্টেডিয়ামে হলেও এই সময়ে খেলা আয়োজন করতে হবে। সৌরভ এই চিঠিতে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে বলেছেন, ‘এ বছরের শেষ দিকে আইপিএল আয়োজন করতে পারি, এমন সম্ভাবনা মাথায় রেখে বিসিসিআই সব ধরনের সম্ভাবনা নিয়ে কাজ করছে।’